
কাকন সরকার,শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে ৩৯ বিজিবির তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী রাঙ্গাজান এলাকায় অবস্থান নেয়। ভোররাতে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ পথে মালামাল নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়।
পরে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২৪টি বস্তা উদ্ধার করে। বস্তাগুলো থেকে মোট ২৯২ পিস বিভিন্ন মানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। বিজিবির হিসাব মতে, উদ্ধারকৃত শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা।
তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় শাড়িগুলো শেরপুর কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
