মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন রোকেয়া মকবুলা। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার জেলা পর্যায়েও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকার সম্মাননা অর্জন করেন।

জানা যায়, রোকেয়া মকবুলা দীর্ঘ ২৫ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এই নিরলস কর্মপ্রচেষ্টা ও সফলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, রোকেয়া মকবুলা ২০০১ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। শিক্ষকতা জীবনের শুরু থেকেই তিনি শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

রোকেয়া মকবুলার এ অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন মহল তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।