মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারও লোকালয় থেকে আরেকটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বুধবার (২০ মে) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান হুগলিয়া আমরইনছড়া চা বাগানে সঞ্জয় রবিদাস নামক এক ব্যক্তির বাড়ির পাশে একটি লজ্জাবতী বানর দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বানরটিকে উদ্ধার করেন। উল্লেখ্য, গতকাল ১৯ মে মঙ্গলবার উপজেলার সাতগাঁও চৌমুহনী এলাকায় একটি ৪ তলা ভবন থেকে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ। সজল দেব জানান, বানরটি আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একটি হাতে আঘাত রয়েছে। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এনে আহত বানরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।