মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
দিবসটি পালনে জেলা জজ আদালত চত্বরে ফিতা কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ জামাল হোসেন। পরে কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় লিগ্যাল এইড মেলা, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ।
জজ আদালত প্রাঙ্গণে স্থাপিত চারটি স্টলে লিগ্যাল এইড সংক্রান্ত বিভিন্ন তথ্য, সেবা গ্রহণের পদ্ধতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা জজ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান, সরকারি কৌসুলী এ্যাড. মো: আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ ফরিদ, লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মজনু মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল জজ মো. মাহামুদুল হোসেন মুন্না। এ বছর বিভিন্ন ক্যাটাগরি ও নির্ধারিত মানদন্ডের ভিত্তিতে সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন অ্যাডভোকেট ললিত কুমার রায় ও অ্যাডভোকেট মাসুদা পারভিন ইভা। তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ
