
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খালখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে নতুন করে ৪ হাজার একর জমি চাষাবাদের আওতায় আসবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।
শুক্রবার (১৭ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মৌজায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তাসহ উপজেলা বিএনপির ও যুবদলের নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ভুনবীর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি প্রায় ১ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় খাল খননের পাশাপাশি দুই পাড় বাধাই, বৃক্ষরোপণ এবং পানি নিষ্কাশনের জন্য আরসিসি রিং পাইপ স্থাপন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল, আলিসারকুল, বাদেআলিশা, শাসন রাজপাড়া এবং পাত্রীকুল মৌজার প্রায় চার হাজার একর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি থাকা এসব জমি পুনরায় কৃষিকাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খাল খনন প্রকল্পের উদ্বোধন, নতুন করে চাষের আওতায় আসবে ৪ হাজার একর জমি
আপনার মতামত লিখুন :
