🔹 মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের ষ্টাফ রিপোর্টার এহসানুল হকের বিরুদ্ধে পৌর বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান কর্তৃক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

রোববার (১২ এপ্রিল) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এহসানুল হকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।

অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও মানববন্ধনের ডাক দেয় প্রেসক্লাব। এতে প্রেসক্লাবসহ শ্রীমঙ্গলের সকল গণমাধ্যমকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সদস্য সাইফুল ইসলাম, এম এ রকিব, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, আব্দুর রব, কার্যকারী সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, সদস্য রুবেল আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান এবং সাংবাদিক মামুন আহমেদ বক্তব্য রাখেন। সভার শেষ পর্যায়ে ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন উপস্থিত হয়ে আলোচনা এবং কর্মসূচি ঘোষণায় একাত্মতা প্রকাশ করেন।