পাচার রোধে কঠোর নজরদারি, শ্রীমঙ্গেল ৩টি তেলের ডিপুর নিরাপত্তায় বিজিবি মোতায়েন
প্রকাশ: ৭:১৪ অপরাহ্ণ মার্চ ২৯, ২০২৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত তিনটি প্রধান জ্বালানি তেলের ডিপোতে নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটকে কেন্দ্র করে সম্ভাব্য অবৈধ তেল পাচার প্রতিরোধ এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি তেলের ডিপোতে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ডিপোতে সার্বক্ষণিক এক সেকশন সদস্য নিরাপত্তা দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলার মোট ১০টি ডিপোসহ সারাদেশের ৯টি জেলার ১৯টি জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধীন ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল, আকস্মিক চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আমদানি-রপ্তানির কাজে ব্যবহৃত ট্রাক ও অন্যান্য যানবাহনের মাধ্যমে অতিরিক্ত তেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
এদিকে, তেলের পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাম্প মালিক, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল পদ্মা ডিপোর ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান জানান, বিজিবি মোতায়েনের ফলে নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী হয়েছে। বর্তমানে তেলের কোনো ঘাটতি নেই, সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছুটা সময় নিয়ে বিতরণ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এ উদ্যোগে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।
বিজিবি সকলকে গুজবে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানিয়েছে।