মো. ফাহিম, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনা সংলগ্ন অন্তত দশটি এলাকায় আকস্মিক ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ঈদের আগে চরম দুর্ভোগে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে হালকা বাতাস থাকলেও অল্প সময়ের মধ্যেই তা তীব্র ঝড়ে রূপ নেয়। ঝড়ের সঙ্গে গুড়ি গুড়ি শিলাবৃষ্টিও হয়। প্রবল বাতাসে টিনের চালা উড়ে যায় এবং কাঁচা ঘরবাড়ি মুহূর্তেই বিধ্বস্ত হয়ে পড়ে। অনেক পরিবার রাতের আঁধারেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকে।

ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজ জানান, প্রতিদিনের মতো ওইদিনও তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ গভীর রাতে তীব্র ঝড়ে তার ঘরের চালা উড়ে যায়। তিনি বলেন, “আর মাত্র তিন দিন পর ঈদ। ঈদের আগেই আমরা মাথা গোঁজার ঠাঁই হারিয়েছি। শুধু আমি নই, আমার মতো আরও অনেক পরিবার আজ নিঃস্ব।” একই ইউনিয়নের বাসিন্দা মো. হাসান, মো. ইব্রাহিম, মো. জসিম, আক্তার, মো. রিয়াজ, শাহিন হাওলাদার, মো. আনোয়ার ও মো. গিয়াস উদ্দিনসহ অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢালচর ইউনিয়ন।

এছাড়া কুকরি-মুকরি, চর পাতিলা, চর নিজাম, চর ফারুকী, চর মানিকা ও নজরুল নগর এলাকাতেও ঝড়ের তাণ্ডবের খবর পাওয়া গেছে।ক্ষতিগ্রস্তদের অধিকাংশই কাঁচা ঘরে বসবাস করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। অনেক পরিবারের আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা সেলিম জানান, “প্রবল বাতাসে বাজারের ঘরের চালা উড়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে।” ঢালচর ইউনিয়নের প্রশাসক ও বন কর্মকর্তা মুইনুল ইসলাম জানান, শুধুমাত্র ঢালচর ইউনিয়নেই প্রায় ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।চর মানিকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম জানান, তার ইউনিয়নে অন্তত ২০টি ঘর বিধ্বস্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওয়ালিউল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।