গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ণ মার্চ ১৭, ২০২৬

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক আলমগীর হোসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আলমগীর হোসেন ছাতক উপজেলার বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গতকাল সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সিলেট -সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার সুহিতপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মাস্টার আলমগীর হোসেন গুরুতর আহত হন। অটোরিকশার যাত্রী ছিলেন তিনি।
আশংকাজনক অবস্থায় আলমগীর হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মৃত্যুবরণ করেন তিনি। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লেগুনা ও ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে।