জালালাবাদ বার্তা ডেস্কঃ

চলতি মার্চ মাসে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

রোববার (১ মার্চ) প্রকাশিত মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়, মার্চে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

এ মাসে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। এছাড়া এক থেকে দুদিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মার্চে বঙ্গোপসাগর-এ কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আভাস নেই।

নদ-নদীর পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে, দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে।

কৃষি আবহাওয়ার দিক থেকে জানানো হয়, মার্চ মাসে দৈনিক গড় বাষ্পীভবন বৃদ্ধির প্রবণতা থাকতে পারে, যা ফসলের জন্য অতিরিক্ত সেচের প্রয়োজন তৈরি করতে পারে। এ পরিস্থিতিতে কৃষকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।