তেরখাদায় দুর্গাপূজার মণ্ডপ বেড়ে ৯৮, মণ্ডপে মন্ডপে উৎসব প্রস্তুতি শেষ পর্যায়ে
প্রকাশ: ১২:২৭ অপরাহ্ণ সেপ্টেম্বর ১৫, ২০২৫

◾রাসেল আহমেদ, তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে খুলনার তেরখাদা উপজেলায় শুরু হতে যাচ্ছে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। এবারের দুর্গাপূজায় উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৯৮টি পূজা মণ্ডপ গড়ে উঠেছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গাসহ কার্তিক, লক্ষ্মী, সরস্বতী ও গণেশের প্রতিমা নির্মাণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কাঠ, মাটি ও রঙ দিয়ে তৈরি প্রতিমাগুলো নিপুণ মৃৎশিল্পীদের হাত ধরে প্রাণবন্ত হয়ে উঠেছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর কুমার বালা জানান, “গত বছর যেখানে ৮৫টি মণ্ডপ ছিল, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮টিতে। আমরা নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে প্রশাসনের সহযোগিতায় নজরদারি নিশ্চিত করছি।”
মণ্ডপগুলোতে রঙিন কাপড়, বেলুন, ডিজিটাল আলোকসজ্জা ও থিমভিত্তিক প্যান্ডেল সাজানো হচ্ছে। প্রতিমা তৈরিতে গড়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে। এছাড়া মঞ্চ, মাইক, নিরাপত্তা ও দর্শনার্থীদের জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “প্রতিটি মণ্ডপে পুলিশের নিয়মিত টহল থাকবে। প্রয়োজনে র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে।”
২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে শুরু হয়ে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী ধর্মীয় রীতিনীতি মেনে পালিত হবে। এবারের দুর্গোৎসব উৎসব ঘিরে তেরখাদার পুরো অঞ্চল এখন আনন্দঘন।
উৎসবকে কেন্দ্র করে তেরখাদা উপজেলায় বিরাজ করছে একতা ও সৌহার্দ্যের অনন্য পরিবেশ, যা ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত।