
মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মো. আল আমিন ইসলাম (৪০) ও মো: মিঠুন আলী (২৮) নামে ২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বৃহস্পতিবার শহরের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ আল আমিন ও মঙ্গলবার রাতে সদর উপজেলার রহিমানপুর সুগার মিলস এলাকা থেকে মিঠুন আলীকে আটক করা হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সিরাজউদ্দৌলা রোডের হেডসের মোড় সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোনসহ আল আমিনকে আটক করা হয়। গ্রেপ্তার মো. আল আমিন ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দ করা মোটরসাইকেল ও মুঠোফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ জানান, ওই দিন সন্দেহভাজন একটি লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলের গতি রোধ করা হয়। মোটরসাইকেলের চালক আল আমিন ইসলামের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে চারটি নীল রঙের জিপারযুক্ত প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটগুলো থেকে মোট ৭শ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার ওজন ৭০ গ্রাম। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথসহ একটি টিম।
অপরদিকে মঙ্গলবার রাতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঠাকুরগাঁও সুগার মিলের ১ নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে মিঠুন আলীকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিঠুন ওই এলাকার মিল কলোনির (উত্তর হরিহরপুর) মো. ওসমান আলীর ছেলে। পুলিশ জানায়, ওই রাতে সুগার মিলের পাশে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচার গোপন খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার রায়ের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মিঠুনকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাঁর পকেট থেকে ১টি পাতায় ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন হাজার টাকা।
আল আমিন ইসলামের গ্রেফতারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে গ্রেপ্তার ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অপর ঘটনায় সদর থানার এসআই সুমন কুমার রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংম্লিষ্ট ধারায় মিঠুন আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
