
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ভারত চোরাই পথে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর ফাঁড়ি পুলিশ ও সদর মডেল থানা পুলিশের যৌথ টিম মৌলভীবাজারের চাঁদনীঘাট ও কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপে থাকা মুরগির খাঁচার নিচ থেকে ভারতীয় লজেন্স, মেডিসিন, কসমেটিকস ও চকোলেটসহ প্রায় ১৬ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্য শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে দেশে আনা হয়েছিল।
আটককৃত ব্যক্তি হলেন জসিম উদ্দিন (২৬), পিতা- সামছুর উদ্দিন, সাং- চিকনাগুল, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২২-৫৯০২ নম্বরের একটি পিকআপও জব্দ করা হয়।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পণ্যগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে এনে মৌলভীবাজার শহরে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তি এবং পলাতক একজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
