মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে এক সপ্তাহে ৪টি বন্যপ্রাণী উদ্ধারের পর বন বিভাগকে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ইউসুবপুর এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। এসময় উদ্ধার কাজে সহযোগীতা করেন পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদম গৌড়।

সজল দেব জানান, অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধারের পর স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৩ নভেম্বর মৌলভীবাজার সড়কের রাবার অফিস এলাকায় ধান কাটার সময় একটি অজগর সাপ দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর বনবিভাগে হস্তান্তর করা হয়। এছাড়াও ২২ নভেম্বর ভানুগাছ সড়কের লিচুবাড়ী এলাকায় একটি রিসোর্ট থেকে আহত অবস্থায় দুর্লভ প্রজাতির একটি উল্টোলেজি বানর উদ্ধারের পর প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে বনবিভাগে হস্তান্তর করা হয়। এর আগে গত ২০ নভেম্বর শহরতলীর হবিগঞ্জ সড়কের ভটের মিল এলাকায় দ্বারিকাপাল মহিলা কলেজ থেকে আহত অবস্থায় একটি বনবিড়াল উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে বনবিভাগে হস্তান্তর করা হয়।

বন ছেড়ে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসার কারণ জানতে চাইলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বনে প্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়াও বনের পরিবেশ বিপর্যয়কেই দায়ি করছেন তিনি। দ্রুত বনের পরিবেশ ফিরিয়ে না আনতে পারলে অনেক বিরল প্রাণীসহ অন্যান্য বন্যপ্রাণী বন থেকে হারিয়ে যাবে।