
ছবিঃ চরফ্যাসনে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ভোলা–বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
এম ফাহিম, চরফ্যাসন (ভোলা):
ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাসনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে চরফ্যাসন সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের সভাপতি সালমান রহমান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, দপ্তর সম্পাদক কামাল গোলদার, যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি, ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, ভোলা দেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা, যেখানে প্রাকৃতিক গ্যাস, মাছ, কৃষি ও পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। তবে সেতুর অভাবে বিনিয়োগ, শিল্প উন্নয়ন ও দ্রুত যোগাযোগ এখনও ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকারের পক্ষ থেকে এখনোও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সাম্প্রতিক সময়ে যোগাযোগ উপদেষ্টার ‘ভোলা–বরিশাল সেতু হচ্ছে না’—এমন মন্তব্যে ভোলাবাসীর মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ভোলা–বরিশাল সেতু নির্মাণের ঘোষণা না দিলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।