গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে খন্ডিত মরদেহ উদ্ধার, মাথার খোঁজে পুলিশ
প্রকাশ: ৪:৫৮ অপরাহ্ণ আগস্ট ৮, ২০২৫

ছবি ও সুত্রঃ কালের কন্ঠ।
গাজীপুর সদরে এক সাংবাদিককে জবাই করে হত্যা ও আরেক সাংবাদিককে মাথা থেঁতলে দেওয়ার পর টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া গিয়েছে এক অজ্ঞাত পুরুষের মরদেহের ৮টি টুকরো। তবে দুটি ব্যাগে দেহের বিভিন্ন অংশের ৮টি টুকরো পাওয়া গেলেও পাওয়া যায়নি মাথা। মৃতের পরিচয় শনাক্তে পুলিশ মাথা উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুর সোয়া একটায় মরদেহ উদ্ধারকারী টঙ্গী পূর্ব থানার এসআই মোছাব্বির হোসেন কালের কণ্ঠকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোডে রাস্তার ওপরে পরিত্যক্ত অবস্থায় দুটি ট্র্যাভেল ব্যাগ পায় স্থানীয়রা। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিত্যক্ত ব্যাগগুলো থেকে এক অজ্ঞাত পুরুষের শরীরের ৮টি টুকরো উদ্ধার করে।’
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডে অবস্থিত হাজীর বিরিয়ানির সামনে রাস্তার ওপরে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাভেল ব্যাগ দুটি পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ব্যাগ দুটি শেষ রাতের যেকোনো সময় এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ট্রাভেল ব্যাগে একজন অজ্ঞাত পুরুষের টুকরো করা মরদেহ উদ্ধার হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’
এদিকে ৭২ ঘণ্টার মধ্যে গাজীপুরে ঘটে যাওয়া তিনটি স্পর্শকাতর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।
বিবৃতিতে ধারাবাহিক এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে তারা বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দল নেই।
সন্ত্রাসী, সন্ত্রাসীই। তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। বিএনপিতে কোনো সন্ত্রাসীর স্থান নেই। এসব ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর মদদ আছে কি না, দেশকে অস্থিতিশীল করার জন্য কেউ এসব জঘন্য অপরাধ করাচ্ছেন কি না! তাও খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।’
আরও পড়ুনঃ