মো: কামরুল ইসলাম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন এক অসুস্থ রোগী। অভিযোগ উঠেছে ১৯জুলাই (শুক্রবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর একদল নেতাকর্মী তাদের দলের ঢাকাগামী কর্মসূচিতে অংশ নিতে ট্রেনে ওঠার সময় ওই রোগীকে জোরপূর্বক ট্রেন থেকে নামিয়ে দেন।

ঘটনাটি ঘটার সময় দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম ভিডিও ও ছবি ধারণ করতে গেলে তিনি জামায়াত নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হন। তারা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ভয়ভীতি দেখায় বলে জানা গেছে।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।সমাজের সকল সচেতন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।