
ছবিঃ জালালাবাদ বার্তা টোয়েন্টিফোর।
◾এম ফাহিম, চরফ্যাসন (ভোলা) :
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের সম্মানে এক অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে চরফ্যাসন পৌরসভার ৪নং ওয়ার্ডে জমিয়তের নিজস্ব ভবনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হুমায়ূন সরমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষকদের কল্যাণে দলমত নির্বিশেষে কাজ করে যাচ্ছে জমিয়ত। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি দ্রুত সময়ে অর্থ সহায়তা প্রদানের জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাওলানা হারুনুর রশিদ, অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান, অধ্যক্ষ মাওলানা শাহজাহান, মাওলানা ইকবাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষাংশে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু নাসের। ঈদুল আজহার পরবর্তী সময়ে এমন সহায়তা পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং জমিয়তের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।