চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৪ আসনে (চরফ্যাসন-মনপুরা) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, “রাজনৈতিক শিষ্ঠাচার না মানলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।” রবিবার (১৩ জুলাই) বিকেলে চরফ্যাসন সদর রোডে আয়োজিত এক পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

সভায় মোস্তফা কামাল বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে একাধিক রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশেও আছে। কিন্তু দলগুলোর উচিত পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। চরফ্যাসনে কেউ যদি রাজনৈতিক ঔদ্ধত্য দেখায়, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

তিনি আরও জানান, আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশকে সফল করতে এই পথসভা আয়োজন করা হয়েছে। এই সমাবেশের মূল লক্ষ্য—বাংলাদেশে বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার দাবি করা।

অভিযোগ করে তিনি বলেন, “ঠাণ্ডা মাথায় আমাদের ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের পর ১৫৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মতিঝিলের শাপলা চত্বরে আলেমদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এছাড়া ও জুলাই-আগস্ট বিপ্লবের সময় ছাত্র ও জনতার ওপর চালানো হত্যাকাণ্ডেরও বিচার চাই।” তিনি হুঁশিয়ার করে বলেন, এসব হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

মোস্তফা কামাল আরও বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচন অবশ্যই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এ হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই পরিবেশ নিশ্চিত করব।”

পথসভায় সভাপতিত্ব করেন চরফ্যাসন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন। আর ও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।