মোহাম্মদ আলী শোভন, কুলাউড়া প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

শিক্ষকতা ও দেশপ্রেম—দুটি মহান আদর্শকে জীবনভর ধারণ করে যিনি নিরলস কাজ করে গেছেন, তিনি মোহাম্মদ আব্দুল হান্নান। কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ একজন শিক্ষকের পরিচয় দিয়েছেন। কর্মজীবনে সততা ও নিষ্ঠার প্রতীক হয়ে তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র।

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে জাতির স্বাধীনতা সংগ্রামে তিনি রেখেছেন সাহসিকতার স্বাক্ষর। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার ত্যাগ ও অবদানের কথা এলাকাবাসী শ্রদ্ধাভরে স্মরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আজ শনিবার বাদ মাগরিব কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে। এরপর নিজ গ্রামের বাড়ি কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

প্রিয় পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার সন্তান মোস্তফা মামুন।