চিঁড়া ভাজার ছোট্ট ব্যবসা দিয়ে সংসার চালাচ্ছেন বৃদ্ধ আজিজল
প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ণ জুন ২২, ২০২৫

◾এম ফাহিম, চরফ্যাসন (ভোলা):
বয়স ৫৯ এর ঘর পেরিয়ে গেছে, কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা হাঁটতে হয় তার। মাথায় চিঁড়া ভাজার থালা নিয়ে চরফ্যাসনের বিভিন্ন হাট-বাজার ও পর্যটন স্পটে চিড়া ভাজা বিক্রি করেন আজিজল হক পণ্ডিত। ৩৯ বছর ধরে ছোট্ট এই ব্যবসা দিয়ে চলে তার সংসার।
আজিজল বললেন, “আমার পাঁচ মেয়ে, তিনজনের বিয়ে দিয়েছি। এখনও দুই মেয়ে অবিবাহিত। ওদের বিয়ে দেব কীভাবে, আল্লাহই জানেন। দেশের সব পণ্যের দাম এত বেড়ে গেছে যে বউ-বাচ্চাসহ তিন বেলা ভাত খাওয়া যায় না। তাই ভাবছি, এই ব্যবসা ছেড়ে দেব।”
জিন্নাগড় ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের মৃত হেমায়েত হোসেন পণ্ডিতের ছেলে আজিজল বলেন, “চিঁড়া ভাজা তৈরি তেমন কঠিন কিছু নয়। স্ত্রী আমায় অনেক সাহায্য করে। আমরা চিঁড়া, চিনি আর লবণ মেশিয়ে মাটির চুলায় লাকড়ি দিয়ে ভাজি। ভাজা চিঁড়া থালায় ভরে মাথায় করে বাজারে হাঁটাহাঁটি করে বিক্রি করি।”
তিনি জানান, প্রতিদিন বিক্রি করে প্রায় ছয়শ থেকে সাতশ টাকা বিক্রি হয়, ভালো হলে এক হাজার টাকাও হয়। সেই টাকা থেকে খরচ বাদ দিলে হাতে আসে প্রায় চারশ টাকা। তবে দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধির কারণে লাভ কমে গেছে, কখনো কখনো লোকসানও হয়।
“আগে যে টাকায় পুরো থালা ভরা যেত, এখন সেটা অর্ধেকও হয় না। খাদ্যপণ্যসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জীবন যাপনে অসুবিধা হচ্ছে। কী করব, কোথায় যাব– ভাবতেই পারছি না,” বললেন আজিজল।
৩৯ বছর ধরে নিরলস পরিশ্রম করে আজিজল হক পণ্ডিত একদিকে নিজের ছোট্ট ব্যবসা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে সংসারে দুই কন্যার বিয়ের চিন্তায় কষ্ট করছেন।