ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ২১ মুসলিম দেশ
প্রকাশ: ৪:৫৯ পূর্বাহ্ণ জুন ১৮, ২০২৫

#অনলাইন ডেস্কঃ
ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ২১টি আরব ও মুসলিম দেশ যৌথ বিবৃতি দিয়েছে। একই সঙ্গে তারা আঞ্চলিক উত্তেজনা কমানো, নির্বিচারে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহবান জানিয়েছে।
মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা এই তথ্য নিশ্চিত করেছে।
এই বিবৃতি এসেছে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তির উদ্যোগে, যিনি অঞ্চলজুড়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর তা চূড়ান্ত করেন।
যৌথ বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলো হলো তুরস্ক, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, চাদ, গাম্বিয়া, আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিসর ও মৌরিতানিয়া।
বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেন।
তাঁরা জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সুসম্পর্ক বজায় রাখার নীতিমালার প্রতি শ্রদ্ধা জানানোর ওপর গুরুত্ব দেন এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান চান।
সূত্র : মিডল ইস্ট নিউজ এজেন্সি।