মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে একাধিক ডাকাতি মামলার আসামি ও কমলগঞ্জের লাউয়াছড়া বনে বিভিন্ন যানবাহন আটকিয়ে গণ ডাকাতি, যাত্রীদের উপর হামলা করে আহত করার ঘটনার মূল পরিকল্পনাকারী হাবিবুর রহমান ওরফে পাগলা ডাকাত (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পাগলা ডাকাত শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।

এর আগে এ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আরও ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। এ নিয়ে কমলগঞ্জ লাউয়াছড়া বনে সংঘঠিত ডাকাতির ঘটনায় মোট ৬ ডাকাত পুলিশের হাতে আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে কয়েকটি মোবাইল ফোন এবং ডাকাতি কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকসা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, লাউয়াছড়ায় ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী হাবিবুর রহমান পাগলাকে বুধবার (১১ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। থানা রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে ৪ টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য গত ৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে।

মামলা রুজুর পর এই ঘটনায় এর আগে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।