অজন্তা চৌধুরী, টরন্টো, কানাডাঃ

আসছে ৮ম বাংলাদেশ পথমেলাতে গানের সুরে মঞ্চ আলোকিত করবেন চ্যানেল আই সেরাকন্ঠ ২০১২ এর বিজয়ী বৃষ্টি মুৎসুদ্দি।

চট্টগ্রামের মেয়ে বৃষ্টি নানা আঙ্গিকের গান গেয়ে ২০১২ সালে চ্যানেল আই সেরাকণ্ঠের চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। নজরুলগীতি , দেশের গান, আধুনিক ও পল্লীগীতি সহ বিভিন্ন ধারার গানে তিনি দেশে এবং দেশের বাইরে বিশেষভাবে সুনাম অর্জন করেছেন। সংগীত প্রেমী পরিবারে বেড়ে উঠা বৃষ্টির গানের প্রতি ভালোবাসা তাকে এই উচ্চ শিখরে নিয়ে এসেছে, তার অর্জনে রয়েছে একাধিকবার জাতীয় পুরস্কার। তিনি প্রবাসে কুমার শানু সহ নানা গুণী বড় মাপের শিল্পীর সাথে একই মঞ্চে গান গেয়ে সবার দৃষ্টি কেড়েছেন। ২০১২ সালের পরে বাংলাদেশের বিভিন্ন মঞ্চ , টেলিভিশনে নিয়মিত অংশগ্রহণ করে শ্রোতাদের কাছাকাছি পৌঁছে যান তিনি । বাংলাদেশের বাইরে ১৫ টির বেশি দেশে তিনি বাংলা গানকে উপস্থাপন করেছেন। আর তাইতো কণ্ঠ সুধার মাধুর্য্যের জন্য বৃষ্টি একটি প্রিয় নাম দেশে ও দেশের বাইরে । এবারে টরোন্টোর গান প্রেমী মানুষ হৃদয় উজাড় করে উপভোগ করবে বৃষ্টির মিষ্টি স্নিগ্ধ কণ্ঠ ৮ম বাংলাদেশ পথমেলাতে।

বরাবরের মতো ১লা জুলাই বার্চমাউন্ট প্লাজাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকজমকপূর্ণ ৮ম বাংলাদেশ পথমেলা। আয়োজনটিকে সফল করার জন্য চলছে চুড়ান্ত প্রস্তুতি। শিল্পী নির্বাচনে বাংলাদেশ পথমেলা বরাবরের মতো বিশেষ নজর রেখেছে। শুরু হয়ে গেছে শিল্পীদের নাম ঘোষণার পর্ব। শহর জুড়ে ৮ম বাংলাদেশ পথমেলাকে ঘিরে চলছে ব্যাপক আলোড়ন। উল্লেখ্য বাংলাদেশ পথমেলা কানাডার সর্ববৃহৎ আউটডোর ইভেন্ট এবং প্রতি বছর এই আয়োজনে ১০ হাজারের বেশি মানুষের পদচারণায় মুখরিত হয় পথমেলা প্রাঙ্গন , সেদিনের জন্য রচিত হয় টরোন্টর বুকে এক টুকরো বাংলাদেশ। এবারেও উপচে পড়া ভীড়ে পথমেলা হবে সমৃদ্ধ -সে বিশ্বাস নিয়েই চলছে জোর প্রস্তুতি।