অপরিকল্পিত উন্নয়ন করে অর্থ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
প্রকাশ: ৪:৪১ অপরাহ্ণ জুন ২, ২০২৫

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারের তরফ থেকে দেশের জন্য কাজ করা হচ্ছে। ইউনূস সরকার ও আমরা চেষ্টা করছি যাতে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়। এবং দেশে অপরিকল্পিত উন্নয়ন করে সরকারের অর্থ নষ্ট না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।
রোববার বেলা ১২ টার দিকে ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া ও চরকুকরী-মুকরী বিআইডব্লিউটিএ’র ২ টি নতুন ফ্লাট পল্টন উদ্বোধন এবং লঘুচাপে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেছেন।
স্থানীয়রা ঘাটের ইজারা বাতিলের দাবি জানানো হলে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আমি তো আর একটি জেলা নিয়ে কাজ করি না সারা বাংলাদেশের মানুষের দাবি দাওয়া থাকে তার মধ্যে দেখে শুনে কাজ করতে হবে। তবে এই এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে বলছি, ভোলা জেলা প্রশাসনকে বলবো জুনের মধ্যে চরকচ্ছপিয়া লঞ্চ ঘাটের ইজারা বাতিল করার জন্য এবং চরকচ্ছপিয়া থেকে দ্বীপ চরকুকরী-মুকরি যাতায়াতের খালটি নব্যতা সংকট থাকায় খাল খনন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা,ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান, চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথী,এবং দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার প্রমুখ