চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

৫ লাখ টাকার দাবিকৃত চাঁদা দিতে রাজি না হওয়ায় শিক্ষক ও তার পরিবারের উপর হামলা করেছে দক্ষিণ আইচা থানা বিএনপি নেতার সন্ত্রাসীরা।

৪ মে রবিবার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে শিক্ষকের বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত আবুল বশার হেলালী দক্ষিণ আইচা রাব্বানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও চরমানিকা ইউনিয়ন ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এই ঘটনায় দক্ষিণ আইচা থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। অপরদিকে ৬ মে মঙ্গলবার ভোলা জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে আহত অধ্যক্ষ আবুল বশার হেলালি ও তার স্ত্রীর সাথে কথা বলেন।

তিনি ওসিকে নির্দেশ দেন মামলা এফআইআর ভুক্ত করার জন্য। অনতিবিলম্বে আসামিদেরকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন অধ্যক্ষ আবুল বশার হেলালী জানান, দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম শাহ সম্প্রতি সময়ে আমার কাছ থেকে চাঁদা ৫ লাখ টাকা দাবি করে আসছে। সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করলে রবিবার বিকেলে আমার বাড়িতে এসে থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম শাহ’র নেতৃত্ব জসিম খাঁ, কামাল খাঁ, জাহাঙ্গীর খাঁ, শামীম, ওহাব আলী সহ একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে আমার নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে দেয়। প্রতিবাদ করতে গেলে হামলায় আমার বাম হাতের আঙুল সহ হাতের তালু কেটে যায়। আমার স্ত্রীর ডান হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

অভিযুক্ত আবুল কাশেম শাহ দক্ষিণ আইচা থানা চরমানিকা ইউনিয়ন ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং দক্ষিণ আইচা থানা বিএনপি’র সাবেক সভাপতি ও চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা আমার স্ত্রীর গলায় থাকা ১০ আনা স্বর্ণের চেইন ও ৮ আনা দুইটি আংটি নিয়ে যায়। আমি এই ঘটনায় সন্ত্রাসীদের বিচারের দাবী জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি আবুল কাশেম শাহ’র ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক কল দিয়ে তাকে পাওয়া যায়নি। দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এবং হামলার একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।