স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আজি রহমান(৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে লাখাই থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন- উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে আজি রহমান (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় এসআই প্রণয় কুমার সরকার, মুন্না মিয়া ও অরবিন্দুসহ একদল পুলিশ উপজেলার কাটিহারা গ্রামে অভিযান চালায়। এ সময় অভিযুক্তের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।

গ্রেফতারের সততা নিশ্চিত করেন,লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ শুক্রবার সকালে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।