আফতাব উদ্দিন : দীর্ঘ প্রতীক্ষার পর যেকোন সময় ঘোষণা হতে পারে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। সম্ভাব্য এই কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নতুন নেতৃত্বে কারা আসছেন—তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজপথের সাহসী ও লড়াকু ছাত্রনেতা মাহমুদুল হাসান সাগর (গেজেটভুক্ত জুলাই যোদ্ধা)।

দলীয় সূত্রে জানা গেছে, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের হাতেই এবার মহানগরের দায়িত্ব তুলে দিতে চায় কেন্দ্রীয় ছাত্রদল। সেই বিবেচনায় মাহমুদুল হাসান সাগর নেতাকর্মীদের মাঝে আস্থার প্রতীক হিসেবে উঠে এসেছেন। বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথের অগ্রভাগে দেখা যেত তাকে। দলের প্রতিটি কর্মসূচিতে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়ে তিনি সাধারণ নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।

রাজনৈতিক প্রতিকূলতা, জেল-জুলুম ও মামলার ভয় উপেক্ষা করে ছাত্রদলের সাংগঠনিক অবস্থান সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। মহানগর ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে মাহমুদুল হাসান সাগরের মতো ত্যাগী নেতৃত্বের বিকল্প নেই।

সাধারণ ছাত্রদের কাছে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা তাকে নেতৃত্বের দৌড়ে অনেকটাই এগিয়ে রেখেছে।