কাকন সরকার, শেরপুর জেলা প্রতিনিধিঃ

‎শেরপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়-এর অভ্যন্তরে অবস্থিত পুকুরটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

‎বুধবার (৪ মার্চ) দুপুরে ডিসি অফিস প্রাঙ্গণ, শেরপুর-এ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

‎সচেতন শেরপুরবাসী এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, পুকুরটি ইজারা দেওয়া হলে জেলার সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

‎বক্তারা জানান, ২০২২ সাল থেকে শেরপুর সুইমিং একাডেমী উক্ত পুকুরে নিয়মিত সাঁতার প্রশিক্ষণ পরিচালনা করে আসছে।

‎ ইতোমধ্যে প্রায় চার শতাধিক প্রি-প্রাইমারি শিক্ষার্থীকে সাঁতার শিক্ষা প্রদান করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে অংশগ্রহণসহ নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে।

‎এছাড়াও জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমে একাডেমি সার্বিক সহযোগিতা করে আসছে। একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী-এর বিএমএ (BMA) কোর্সে ৫ জন সেকেন্ড লেফটেন্যান্ট এবং ১৭ জন সৈনিক সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি ২ জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ ভর্তির সুযোগ পেয়েছে এবং ‘তোমাকে খুঁজছে বাংলাদেশ’ ট্যালেন্ট হান্টে ১ জন অংশগ্রহণ করে জেলার সুনাম বৃদ্ধি করেছে।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাঁতার কেবল একটি ক্রীড়া নয়—এটি জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। নদীমাতৃক দেশের প্রেক্ষাপটে শিশু-কিশোরদের সাঁতার শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

‎এমন পরিস্থিতিতে পুকুরটি মাছচাষের জন্য ইজারা দেওয়া হলে সাঁতার প্রশিক্ষণের পরিবেশ নষ্ট হবে এবং জেলার ক্রীড়া অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।

‎মানববন্ধন শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবি এম মামুনুর রশীদ পলাশসহ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ।

‎মানববন্ধন থেকে জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

‎শিক্ষার্থীদের স্বার্থ, ক্রীড়া উন্নয়ন এবং জননিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে পুকুরটি ইজারা না দিয়ে সাঁতার শিক্ষার জন্য উন্মুক্ত রাখা হোক অথবা স্বল্পমূল্যে শেরপুর সুইমিং একাডেমীর অনুকূলে প্রদান করা।