সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন জয়ী
প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ণ ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ছবিঃ জালালাবাদ বার্তা২৪।
সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৫৩ হাজার ৬৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ছাতক-দোয়ারাবাজারের ১৭০টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী মোট ভোট পড়েছে ২ লাখ ৫২ হাজার ৯২৫টি। এর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিলন পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯শত ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানি পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।
সকাল থেকেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও পর্যবেক্ষকরা।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর বড় প্রমাণ।”
তিনি আরও জানান, বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী বিএনপি মনোনিত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।