শেরপুরে রাস্তার পাশে অজ্ঞাত নারীর নি-থ-র দেহ উদ্ধার
প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ণ এপ্রিল ৪, ২০২৬

🔹 কাকন সরকার শেরপুরঃ
শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে একটি তালাবদ্ধ ট্রাংক রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করলে ধীরে ধীরে সেখানে লোকজন জড়ো হয়। একপর্যায়ে ট্রাংক থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহের সৃষ্টি হয় এবং স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাংকের তালা ভেঙে ভেতরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় এবং তা উদ্ধার করে। মরদেহটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ছিল।
স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহটি ট্রাংকের ভেতরে রাখা হয়েছে। এক স্থানীয় নারী জানান, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি নামিয়ে রেখে যায়। জিজ্ঞাসা করলে তারা পরে এসে নিয়ে যাবে বলে জানায়।
এ বিষয়ে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।