
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা চালিত শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্র-১৬৯৩/৯৩) এর বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন বৃহস্পতিবার (৪ জুন) গোবিন্দগঞ্জস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে সমর্থক শ্রমিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইউনিয়নের বিভিন্ন শাখা থেকে আগত বিপুল সংখ্যক শ্রমিক, নেতাকর্মী ও সমর্থকরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় পুরো কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র জমা শেষে আপ্তাব উদ্দিন ইউনিয়নের আওতাধীন সকল শাখার শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ-বিদেশে অবস্থানরত শ্রমিক ভাইদের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠায় অতীতে যেমন কাজ করেছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। শ্রমিকদের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাবো।” তিনি আসন্ন নির্বাচনে সকল ভোটারের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।
আপ্তাব উদ্দিন আরও বলেন, “শ্রমিকদের ঐক্য, উন্নয়ন ও কল্যাণই আমার মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে সংগঠনকে আরও শক্তিশালী, কার্যকর ও শ্রমিকবান্ধব হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এদিকে প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ জানিয়েছেন, সুনামগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা চালিত শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিভিন্ন পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
