ভাড়া তালিকা না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ে দুটি যাত্রীবাহী বাসকে অর্থদন্ড
প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ণ জুন ২, ২০২৫

জালালাবাদ বার্তা ডেস্কঃ মৌলভীবাজারে ভাড়া চার্ট প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের দায়ে দুটি দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন কতৃপক্ষকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ জুন) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার সার্কেল, জেলা প্রশাসন মৌলভীবাজারের উদ্যোগে এবং বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশে ঈদ যাত্রা নিরাপদ করতে বিভিন্ন বাস কান্টার গুলোতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাড়া চার্ট প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের দায়ে দুটি যাত্রীবাহী বাস কতৃপক্ষকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও যাত্রী হয়রানি বন্ধে সর্তকতা ও বিভিন্ন নির্দেশ দেওয়া হয় বাস কাউন্টারগুলোকে।
অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) অন্তরা সরকার অদ্রি।
অভিযানে যাত্রীবাহী বাসের লাইটিং ব্রেকিং ও ইন্ডিকেটর সিস্টেম সহ চাকার ফিটনেস পরীক্ষা করা হয়। সড়ক নিরাপদ রাখতে ঈদের আগে এ ধরণের অভিযান চলমান থাকবে।