বড়লেখায় সিএনজি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩টি সিএনজি উদ্ধার
প্রকাশ: ১১:০৬ অপরাহ্ণ মে ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার বড়লেখায় সিএনজি চোর চক্রের অভিযানে ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় রেজিস্ট্রেশনবিহীন ৩টি সিএনজি অটোরিকসা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের রাজন আহমেদ মাসুম (২৪), সিলেট জেলার ওসমানীনগর উপজেলার শষারকান্দি গ্রামের সাইফুল ইসলাম (১৯), পূর্ব মোবারকপুর গ্রামের মোস্তাকিম আহমেদ নাহিদ (২০) ও সাইটধা গ্রামের সিরাজুল ইসলাম (১৯)।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কাশেম সরকার জানান, সোমবার দুপুরে বড়লেখা থানাধীন দাসের বাজার সিএনজি স্ট্যান্ডে তিনজন সন্দেহভাজনসহ একটি চোরাই সিএনজি স্থানীয় জনতা আটক করে রেখেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোস্তাকিম, সাইফুল ও সিরাজুল ইসলাম নামে ৩ জনকে আটক করে এবং একটি নম্বরবিহীন সিএনজি উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে সিএনজি চুরি করে বড়লেখার রাজন আহমদ মাসুমের কাছে বিক্রির জন্য এনেছে বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজন আহমদ মাসুমকে চান্দগ্রামে তার বাড়ি থেকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা আরও ২টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।