এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিলো ভারত
প্রকাশ: ৯:৫৩ পূর্বাহ্ণ মে ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সব ধরনের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। এর আগে পাকিস্তানও ভারতীয় উড়োজাহাজের জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছিলো। তারই পাল্টা হিসাবে নয়াদিল্লি এই পদক্ষেপ নিলো।
ভারতীয় গণমাধ্যম এসডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং ২৩ মে পর্যন্ত বহাল থাকবে। পরিস্থিতির ওপর নির্ভর করে এর পরিবর্তনও হতে পারে।
নয়াদিল্লির জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত অথবা দেশটির ভাড়া বা ইজারায় নেয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ প্রবেশ করতে পারবে না ভারতের আকাশসীমায়। এর আগে, গেলো সোমবার পাকিস্তানও ভারতের বিমানের জন্য তার দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।
পাকিস্তান ও ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পাল্টাপাল্টি এমন পদক্ষেপের ঘোষণার আগে থেকেই উভয় দেশ এক অপরের আকাশসীমা এড়াতে শুরু করে।
এনডিটিভি জানিয়েছে, ভারতের সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে পাকিস্তানের বিমানের অনেকটা বেশি পথ পাড়ি দিতে হবে। চীন ও শ্রীলঙ্কার ওপর দিয়ে যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশিয়ানিয়ার দেশগুলোতে যেতে।
এতদিন এসব গন্তব্যে যেতে সাধারণত পাকিস্তানের বিমান ভারতের ওপর দিয়ে যাতায়াত করে থাকে। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানের এয়ারলাইনসগুলোর ব্যয় বাড়বে, সময়ও বেশি লাগবে।
অপরদিকে পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ভারতের অনেক বিমানকেও একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পাড়ি দিতে হচ্ছে বড় পথ।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই জঙ্গি হামলার জবাব কখন, কীভাবে দেওয়া হবে সে বিষয়ে সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেয়ার কথা জানিয়েছেন।
এরমধ্যে টানা ষষ্ঠ রাত ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির খবরও দিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু – কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলেছে ভারত। পাকিস্তানের তথ্যমন্ত্রীর আশঙ্কা, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত। সেই সাথে পাকিস্তানও হুমকি দিয়ে আসছে, ভারত কোনো ধরনের হামলা চালালে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।