প্রতিবন্ধী সন্তানদের নিয়ে অসহায় হাশেম মিয়ার সংগ্রামের গল্প
প্রকাশ: ৯:১৯ অপরাহ্ণ মার্চ ৫, ২০২৬

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ভাঙাচোরা একটি ছোট্ট ঘর। সেখানেই তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আব্দুল হাশেম মিয়া। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে দিন পার করছেন এই অসহায় পরিবারটি। জানা যায়, আব্দুল হাশেম মিয়া সাত সন্তানের জনক। তবে ভাগ্যের নির্মম পরিহাসে তার তিন সন্তান জন্মের পর থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী। বড় মেয়ে জান্নাত বেগম (৩০), মেয়ে রুবিনা বেগম (১৬) এবং ছেলে আব্দুর রহমান (১৪)—এই তিনজনই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। দৈনন্দিন প্রায় সব কাজেই তাদের অন্যের সহায়তার ওপর নির্ভর করতে হয়।
দিনমজুর আব্দুল হাশেম জানান, একসময় দৈনিক শ্রম করে তিনি সংসারের খরচ চালাতেন। কিন্তু বয়সের ভার ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে এখন আর আগের মতো কাজ করতে পারেন না। ফলে পরিবারের আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে গেছে।
দুর্দিনের এই সময়ে স্ত্রী মরিয়ম বেগম স্বামীর পাশে দাঁড়িয়ে তিন প্রতিবন্ধী সন্তানের দেখভাল করছেন। সীমিত সামর্থ্য নিয়েই তারা সন্তানদের যত্ন নেওয়ার চেষ্টা করছেন। তবে অল্প আয়ে যেখানে সংসারের নিত্যপ্রয়োজন মেটানোই কঠিন, সেখানে তিন সন্তানের চিকিৎসা ও ভরণপোষণের ব্যয় বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
মরিয়ম বেগম জানান, অনেক সময় পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থাও করতে তাদের হিমশিম খেতে হয়।স্থানীয়রা জানান, মানবেতর জীবন পার করছেন। সমাজের বিত্তবান লোকজন এগিয়ে আসলে তারা কিছুটা উপকৃত হবে। এবং সরকার সাহায্য করলে পরিবারটির দুর্দশা কমবে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ওই তিন প্রতিবন্ধী ও অসহায় পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।