জালালাবাদ বার্তা ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera। এ ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরান প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। ওই অভিযানের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নিহত তিনজনের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানের নাগরিক এবং অপরজন নেপালের নাগরিক। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এছাড়া মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
