
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, শনিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল বিজিবির একটি দল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। এতে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতীয় ভূখণ্ডে পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বিজিবি বলেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা তৎপর ও দৃঢ়প্রতিজ্ঞ।
