
হানিফ পারভেজ বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগান থেকে ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে পিত্রালয়ের রান্নাঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ময়না গঞ্জু ওই বাগানের মিঠাইলাল গঞ্জুর মেয়ে এবং কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫-১৬ বছর আগে সুকিন্দর গঞ্জুর সাথে ময়নার বিয়ে হয়। তবে দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সন্তান না হওয়ায় স্বামীর সাথে পারিবারিক কলহ দেখা দেয়। এর জেরে গত এক বছর ধরে ময়না তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। পিত্রালয়ে থাকাকালীন কুলাউড়ার বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জু নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে ময়না মানসিকভাবে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে, প্রেমিকের সাথে সম্পর্কের টানাপোড়ন ও তার বিয়ের খবরে অভিমান করে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন।
মরদেহ উদ্ধারের সময় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের নিজের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করেছে। ওই চিরকুটে ‘বিশ্বজিৎ’ নামসহ কিছু ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ের উল্লেখ রয়েছে। বড়লেখা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
বুধবার বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
