🔘 নিজস্ব প্রতিবেদক, টরন্টোঃ

সন্ন স্কারবোরো সাউথইস্ট উপ-নির্বাচনে ডলি বেগমের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর নেতৃবৃন্দ। ১০ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩টা ৪৫ মিনিটে বার্চমাউন্টস্থ ডলি বেগমের নির্বাচনী অফিসে সশরীরে উপস্থিত হয়ে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাৎ করেন এবং এই সংহতি প্রকাশ করেন।

মৌলভীবাজারে জন্ম নেওয়া ডলি বেগমের সাফল্যকে সমগ্র কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন এসোসিয়েশন নেতৃবৃন্দ। এ সময় এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহবুব বলেন, “ডলি বেগম কেবল মৌলভীবাজারের নন, বরং তিনি কানাডায় সমগ্র বাংলাদেশি কমিউনিটির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার এই অগ্রযাত্রা আমাদের সবার জন্য অনুপ্রেরণার।”

আগামী ১৩ এপ্রিল, সোমবার নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে। স্কারবোরো সাউথইস্ট এলাকায় বসবাসরত প্রবাসী মৌলভীবাজারবাসীসহ সকল বাংলাদেশি ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে এসোসিয়েশনের সাধারন সম্পাদক রুহুল চৌধুরী বলেন, “কমিউনিটির জোরালো প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ডলি বেগমের জয় অত্যন্ত জরুরি। আমরা আশা করি, সবাই সশরীরে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাকে বিজয়ী করবেন।”

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ এমপিপি থাকাকালীন ডলি বেগমের সকল জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এবারের এমপি নির্বাচনেও তার বিপুল ভোটে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহবুব, সহ-সভাপতি আমান উল্লাহ, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা দেওয়ান আব্দুল গোফরান চৌধুরী, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা লায়েকুল হক চৌধুরী এবং উপদেষ্টা মোঃ আব্দুর রহিম দাদুল।