শেরপুরে নালিতাবাড়ীতে সিএনজি থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার- ১
প্রকাশ: ১২:০২ পূর্বাহ্ণ অক্টোবর ২৬, ২০২৫

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে প্রকাশ্যে সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন উপজেলার নন্নী এলাকার আব্দুর রহিম ওরফে হাম্বুল।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) সকালে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার রাজমিস্ত্রী সাগর আলী শ্রমিকসহ দুটি সিএনজি রিজার্ভ নিয়ে কাজের উদ্দেশ্যে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নন্নী পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ১০টার দিকে চারজন দুর্বৃত্ত সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে। এ সময় দুর্বৃত্তরা শ্রমিকদের সঙ্গে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার আগে তারা ঘটনাটি প্রকাশ করা হলে প্রাণ নাশের হুমকিও দেয়। এই ঘটনায় ভুক্তভোগী সাগর আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে অভিযুক্ত প্রধান আসামি আব্দুর রহিম ওরফে হাম্বুলকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম ওরফে হাম্বুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান চলছে।”