চরফ্যাশনে সনাতন ধর্মালম্বী ৩০০ নারীর মধ্যে নুরুল ইসলাম নয়নের উপহার সামগ্রী বিতরণ
প্রকাশ: ৯:০৫ অপরাহ্ণ অক্টোবর ১৩, ২০২৫

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাসন উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের পর সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখতে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সনাতন ধর্মালম্বী ৩০০ নারীর মাঝে শাড়ি বিতরণ করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে চরফ্যাসন ডাকবাংলোয় আয়োজিত অনুষ্ঠানে এসব শাড়ি বিতরণ করা হয়।
এসময় নুরুল ইসলাম নয়ন বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। সেই বিশ্বাস থেকেই হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে ভালোবাসার ছোট্ট এই উপহার দিয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপজেলা নেতৃবৃন্দ নুরুল ইসলাম নয়নের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।”
একজন উপকারভোগী নারী বলেন, “পূজার পর এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। নয়ন ভাইয়ের জন্য অনেক দোয়া রইল।”
শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।