মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জইনকা ছড়ার সরকারি ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কের ৫ নম্বর পুল এলাকায় সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ ২০-২৫ বছর ছড়া থেকে বালু উত্তোলনের কোনো সরকারি ইজারা ছিল না। গত দুই বছর ধরে বালুরঘাট ইজারা দেওয়া হয়। এতে বালু উত্তোলনের কারণে রাস্তা ও ছড়ার পাশে গাইডওয়াল ভেঙে পড়েছে। শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ৫ নম্বর ব্রিজের নিচ থেকে বালু তোলায় ব্রিজটিও ঝুঁকির মুখে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ করে বলেন, ছড়ার পাশেই রয়েছে মসজিদ ও বহু মানুষের বসতবাড়ি। এসব স্থাপনা রক্ষায় দ্রুত এ স্থান থেকে বালু তোলা বন্ধ করার দাবি স্থানীয়দের।

তারা জানান, ইতিমধ্যেই তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিতভাবে আবেদন করেছেন যাতে ভবিষ্যতে এ ছড়ার কোনো সরকারি ইজারা দেওয়া না হয়।

ভাড়াউড়া এলাকার প্রবীণ মুরুব্বি ও সাবেক পৌর কাউন্সিলর সাঈদ মিয়া বলেন, ইজারা দেওয়ার পর ব্যাপক বালু উত্তোলনে রাস্তা ও গাইডওয়াল ভেঙে যাচ্ছে। ব্রিজ ও মসজিদও ঝুঁকির মুখে রয়েছে। আমরা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসকের কাছে অনুরোধ করছি অবিলম্বে এ ছড়ার ইজারা বাতিলের।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, মানববন্ধনের বিষয়ে আমরা অবগত হয়েছি। ইতিমধ্যে এসি ল্যান্ড ও সার্ভেয়ারকে সরজমিন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং মূল্যায়ন প্রতিবেদন চাওয়া হয়েছে।