ম্যাচসেরার পুরষ্কার হাতে লিটন দাস। ছবি- সংগৃহীত।

খেলার খবর: দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা। ম্যাচজুড়ে ছিল বাংলাদেশের দারুণ পারফরম্যান্স।

টসে জিতে আগে ফিল্ডিং নেয়া বাংলাদেশ প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে হংকং। জবাবে বাংলাদেশের ব্যাটাররা খেললেন বুদ্ধিদীপ্ত ক্রিকেট। অধিনায়ক লিটন দাস ৩৯ বলে ৫৯ রানের একটি দারুণ ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে বাংলাদেশ জয় নিশ্চিত করে। ম্যাচসেরাও হয়েছেন অধিনায়ক লিটন দাস।

ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করেন অধিনায়ক লিটন দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন,‘হ্যাঁ, অবশ্যই প্রথম ম্যাচ জিততে পারা খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে এশিয়া কাপে আসলে চাপ থাকে। হংকংয়ের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। গত কয়েক বছরে পেস বোলিং অনেক উন্নতি করেছে। আমরা একজন লেগ স্পিনার খুঁজছিলাম, রিশাদকে (রিশাদ হোসেন) পেয়েছি। দারুণ ছিল।’