সাউথইস্ট ইউনিভার্সিটিতে টেক্সেলেন্স ২.০’র বর্ণাঢ্য আয়োজন
প্রকাশ: ১:৪৪ অপরাহ্ণ সেপ্টেম্বর ৩, ২০২৫

ইয়াছির আরাফাত, নিজস্ব প্রতিনিধি:-
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান টেক্সেলেন্স ২.০।
৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিলো দিনব্যাপী। এতে ছিলো ব্রেইনবাজ কুইজ, দ্য ক্রিয়েটিভ ওয়াল, টেক্সটক+সহ নানা প্রতিযোগিতা ও কার্যক্রম। অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মূল আকর্ষণ ছিল ফ্যাশন শো টেক্সস্টাইল। দেশীয় পাট, জামদানি ও তাঁতের কাপড় ব্যবহার করে অংশগ্রহণকারীরা পোশাকে ফুটিয়ে তোলে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি। এ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে সাউথইস্ট ইউনিভার্সিটি এবং তৃতীয় স্থান লাভ করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।
ব্রেইনবাজ কুইজে প্রথম ও তৃতীয় হয় সাউথইস্ট ইউনিভার্সিটি, আর দ্বিতীয় হয় আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অন্যদিকে দ্য ক্রিয়েটিভ ওয়ালের সব পুরস্কারই জয় করে সাউথইস্ট ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মোফাজ্জল ইসলাম এবং টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. মাসুদ আহমেদ।
সাউথইস্ট টেক্সটাইল ক্লাবের প্রেসিডেন্ট মো. মানিক মিয়া জানান, এই আয়োজনের মাধ্যমে তরুণদের সৃজনশীলতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে। আগামীতে আরও বৃহত্তর পরিসরে এ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
অতিথি ও দর্শনার্থীরা জানান, প্রাণবন্ত অংশগ্রহণ ও ঐতিহ্যবাহী উপস্থাপনার কারণে টেক্সেলেন্স ২.০ হয়ে উঠেছে এক স্মরণীয় আয়োজন।