◾চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাসনের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন। তবে ৭ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ট্রলারের মালিক খোরশেদ মাঝি।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম মো. মিজানুর রহমান (৩১)। তিনি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিজলের ছেলে।

ট্রলার মালিক খোরশেদ মাঝি জানান, গত রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় আট জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যান তারা। জাল ফেলার পর সেটি তুলতে গেলে সোমবার রাত ১১টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য ট্রলারের সহায়তায় সাতজনকে উদ্ধার করা সম্ভব হলেও মিজানুরকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ জেলের খবরে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী-সন্তান, মা-বাবা ও স্বজনরা তাকিয়ে আছেন সাগরের দিকে—হয়তো কোনো অলৌকিক ভরসায় ফিরে আসবেন তাদের মিজানুর।

সামরাজ ঘাটের ব্যবসায়ী আলাউদ্দিন পাটোয়ারী জানান, বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “খবর পেয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”