চরফ্যাসন অনুষ্ঠিত ইত্যাদি মঞ্চ থেকে তোলা। ছবিঃ জালালাবাদ বার্তা।

এম ফাহিম, চরফ্যাসন (ভোলা) ॥

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ভোলা জেলার চরফ্যাসনে। হানিফ সংকেতের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চরফ্যাসন সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে চরফ্যাসনসহ ভোলার গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হবে। ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে চরফ্যাসন উপজেলা ছাড়াও আশপাশের জেলা-উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয়রা অধীর আগ্রহে সরাসরি ‘ইত্যাদি’ দেখার অপেক্ষায় আছেন।

আজ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, স্কুল মাঠে ইত্যাদির বিশাল মঞ্চ নির্মাণ শেষ হয়েছে। মাঠজুড়ে চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, “ইত্যাদি অনুষ্ঠানকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দর্শনার্থীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবেশ কার্ড (আমন্ত্রণপত্র) বিতরণ করা হয়েছে।”

তিনি আরও জানান, দর্শকদের নির্দিষ্ট সময়ে আসন গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। একটি আমন্ত্রণপত্র শুধুমাত্র একজনের জন্য প্রযোজ্য। ১৪ বছরের কম বয়সী শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি কোনো প্রকার হ্যান্ডব্যাগ ও ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না। অনুষ্ঠান ধারণ চলাকালীন দর্শকদের মোবাইল ফোন বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।