মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক ১
প্রকাশ: ১১:০২ অপরাহ্ণ আগস্ট ৬, ২০২৫

◾মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের একটি গ্যারেজ চুরি হওয়া ৪টি সহ মোট ৬টি সিএনজি সুনামগঞ্জের ছাতক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল কায়ূম (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানা সুত্রে জানা গেছে, গত ৪ আগস্ট রাতে জেলা সদরের গিয়াসনগরের করিমনগরের ভূমি অফিস সংলগ্ন এলাকার জনৈক সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরচক্র।
এ ঘটনায় সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে।
এক পর্যায়ে মঙ্গলবার (৫ আগস্ট) সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম (৪৫)কে আটক করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।