
◾ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হেনাকে আর্থিক অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা সহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষণসোম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিকের একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৭ জুলাই তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সরকার।
জানা যায়, মো.আবু হেনা তার কর্মজীবনে ছাতক উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাত সহ নানাবিধ অভিযোগের সম্মুখীন হয়েছেন। তার বিরুদ্ধে এসব অভিযোগ ও প্রমাণিত হয়েছে।
সর্বশেষ মো. আবু হেনা জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে টিউশন বাণিজ্য, বিদ্যালয়ের গাছ বিক্রি করা, ভুঁয়া বিলও ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাত, জেলা পরিষদ এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য কর্তৃক অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল হকের বিরুদ্ধে ও বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে।
