এম ফাহিম, চরফ্যাসন (ভোলা):

ভোলার চরফ্যাসনের সাগরসংলগ্ন সামরাজ এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে একটি দুর্লভ প্রজাতির রঙিন সামুদ্রিক লবস্টার।

গত শুক্রবার (২৫ জুলাই) সকালে স্থানীয় জেলেরা মাছটি কাশেমগঞ্জ বাজারে বিক্রির জন্য নিয়ে আসলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, এই লবস্টারটির বৈজ্ঞানিক নাম Painted Spiny Lobster বা Panulirus versicolor। এটি একটি চিত্তাকর্ষক রঙিন প্রজাতির লবস্টার, যা বাংলাদেশের উপকূলীয় সামুদ্রিক জীববৈচিত্র্যে নতুন মাত্রা যোগ করেছে বলে তিনি জানান।

জানা গেছে, Panulirus versicolor প্রজাতির এই লবস্টার সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অগভীর প্রবাল প্রাচীর বা রিফ অঞ্চলে বাস করে। এটি ভারত ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলজুড়ে, বিশেষ করে লোহিত সাগর, আরব সাগর, দক্ষিণ জাপান থেকে উত্তর অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত এলাকায় দেখা যায়।

রঙিন এই লবস্টারটির গায়ে থাকে গাঢ় সবুজ পটভূমির ওপর সাদা ও কালো জটিল নকশা। এর পেটের দিকে থাকে উজ্জ্বল সাদা ফিতা, যার কিনারায় থাকে কালো রেখা। সবচেয়ে চোখে পড়ে এর দীর্ঘ সাদা অ্যান্টেনা বা শুঁড়, যা সহজেই নজর কাড়ে।

এই লবস্টার মূলত নিশাচর ও একাকী প্রকৃতির। দিনের বেলা এটি প্রবাল পাথরের ফাঁক বা খাদে লুকিয়ে থাকে, শুধুমাত্র অ্যান্টেনা বাইরে থাকে। সাধারণত সহজে ফাঁদে না পড়লেও, এর মাংস অত্যন্ত সুস্বাদু ও দামী হওয়ায় বাজারে এটির চাহিদা বেশি। সেইসঙ্গে, এর রঙিন অবয়ব একে অ্যাকুয়ারিয়ামপ্রেমীদের কাছেও জনপ্রিয় করে তুলেছে।

চরফ্যাসনের উপকূলে এই প্রজাতির আবিষ্কার জীববিজ্ঞানীদের মাঝে উৎসাহ সৃষ্টি করেছে। তাদের মতে, এটি সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে, এই ধরনের আবিষ্কার ভবিষ্যতে চরাঞ্চলে ইকো-ট্যুরিজম ও টেকসই সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় সহায়ক হতে পারে।